ভারত থেকে পাইপলাইনে এলো ৫ হাজার টন ডিজেল
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেল নিয়ে উদ্বেগের মধ্যেই ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে দেশে এসেছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল। দেশের জ্বালানি মজুত স্বাভাবিক রাখা এবং সরবরাহ বজায় রাখতেই ভারত থেকে এই তেল আনা হয়েছে।
ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে সরাসরি দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এই ডিজেল পৌঁছায়। গত সোমবার (৯ মার্চ) বিকেল থেকে পাইপলাইনে তেল আসা শুরু হয়ে বুধবার (১১ মার্চ) তা সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলহেড ডিপোর তত্ত্বাবধায়ক মো. আহসান হাবিব চৌধুরী।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড (আইওসিএল) এবং আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেডের (এনআরএল) কাছে চার মাসে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
এদিকে পার্বতীপুর তেল ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে চাহিদার তুলনায় কম তেল সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানি তেল পরিবেশক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. রজব আলী সরকার জানান, ডিপো থেকে প্রতি পেট্রোল পাম্পকে প্রায় ১ লাখ ৩ হাজার লিটার পেট্রোল এবং ২ লাখ ২৮ হাজার লিটার ডিজেল দেওয়া হচ্ছে, যা চাহিদার তুলনায় অপ্রতুল।
তিনি অভিযোগ করেন, কিছু পেট্রোল পাম্পকে তুলনামূলক বেশি বরাদ্দ দেওয়া হচ্ছে। ফলে অনেক পাম্পকে ক্রেতাদের চাপের মুখে পড়তে হচ্ছে এবং অনেক ট্যাংক-লরি তিন দিন পর্যন্ত অপেক্ষা করার পর তেল পাচ্ছে।
রেশনিংয়ের বিষয়ে পার্বতীপুর রেলহেড ডিপোর তত্ত্বাবধায়ক জানান, প্রতিদিন পেট্রোল ও অকটেন ১ লাখ ৩০ হাজার লিটারের পরিবর্তে ১ লাখ ৫ হাজার লিটার করে সরবরাহ করা হচ্ছে। মূলত ডিজেল সরবরাহ কম থাকায় রেশনিং হারে পেট্রোল পাম্পগুলোকে তেল দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, উত্তরাঞ্চলের জেলাগুলোতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুরে তেল সরবরাহ করা হয়। ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর এ সংক্রান্ত সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ ও ভারত। ভারতের শিলিগুড়ির নুমালিগড় রিফাইনারি থেকে ১৩০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন পঞ্চগড় ও নীলফামারী হয়ে পার্বতীপুরে এসে মিশেছে।
ডিপো সূত্রে জানা গেছে, পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ২০২৩ সালে ৩৫ হাজার ৭১৮ মেট্রিক টন, ২০২৪ সালে ২৮ হাজার ২০৪ মেট্রিক টন এবং ২০২৫ সালে ১ লাখ ২৪ হাজার ২১৬ মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হয়েছে।


















