যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি, সেপ্টেম্বর পর্যন্ত
গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে সামরিক পদক্ষেপ চালানোর পরিকল্পনা করছে, যা পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। সংঘাতটি আশপাশের ডজনখানেক দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন ইতিমধ্যেই গোয়েন্দা কার্যক্রম দ্রুত সম্প্রসারণের পদক্ষেপ নিচ্ছে এবং ইরানের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সামরিক পরিকল্পনা এখন সেপ্টেম্বর পর্যন্ত বিস্তৃত করা হয়েছে।
পলিটিকো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড ফ্লোরিডার টাম্পা সদর দফতরে অতিরিক্ত সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের মোতায়েনের জন্য পেন্টাগনে অনুরোধ জানিয়েছে। এই অতিরিক্ত জনবল ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিকল্পনা ও গোয়েন্দা সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আঞ্চলিক বিশ্লেষকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক প্রস্তুতি এবং সম্ভাব্য সংঘাত মধ্যপ্রাচ্যে তীব্র নিরাপত্তা সংকট সৃষ্টি করতে পারে। একই সঙ্গে বেসামরিক নাগরিকদের ওপর হামলার আশঙ্কাও রয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি যুদ্ধের পরিকল্পনা শুধু সামরিক নয়, রাজনৈতিক ও কূটনৈতিক চাপও জোরদার করবে। সেপ্টেম্বর পর্যন্ত এই পরিস্থিতি আন্তর্জাতিক নিরাপত্তা ও তেলের বাজারের ওপর প্রভাব ফেলতে পারে।












