বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর একটি টহল দল ধামসোনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নতুন নগর নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে অভিযান চালায়। এ সময় কেন্দ্র দখলের প্রস্তুতির অভিযোগে ৯ জনকে আটক করা হয়।
আশুলিয়ায় ভোটকেন্দ্র দখলচেষ্টা অভিযোগে সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
সাভার, আশুলিয়া প্রতিনিধি:
ঢাকার আশুলিয়ায় দুইটি ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে বিএনপির ১৩ জন নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর একটি টহল দল ধামসোনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নতুন নগর নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে অভিযান চালায়। এ সময় কেন্দ্র দখলের প্রস্তুতির অভিযোগে ৯ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা আশুলিয়ার বিভিন্ন এলাকার বাসিন্দা। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তারা বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সমর্থক।
একই সময়ে ধামসোনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নলাম ভোটকেন্দ্রে পৃথক আরেকটি অভিযানে আরও ৪ জনকে আটক করা হয়। তাদেরও একই প্রার্থীর সমর্থক বলে জানানো হয়েছে।
আশুলিয়া থানার ডিউটি অফিসার এসআই সায়মন শেখ গণমাধ্যমকে বলেন, সেনাবাহিনী আটক ১৩ জনকে রাতেই থানায় হস্তান্তর করেছে। তারা বর্তমানে থানা হেফাজতে আছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।