সিলেট থেকে নির্বাচনি মাঠে বিএনপি, জনসমুদ্রে প্রথম সমাবেশে তারেক রহমানের ভাষণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে শুরু হয়েছে বিএনপির প্রথম নির্বাচনি জনসভা। বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমান–এর। জনসভা শুরুর আগেই আলিয়া মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
ভোর থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হতে থাকেন। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে মিছিলের ঢল নামে, আর সব মিছিলের গন্তব্য একটাই—আলিয়া মাদ্রাসা মাঠ। মাঠের ভেতর ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় জনসমুদ্র।
এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
দলীয় সূত্র বলছে, এই জনসভার মধ্য দিয়েই নির্বাচনি মাঠে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সিলেটের এই সমাবেশ থেকে নির্বাচনি বার্তার স্পষ্ট দিকনির্দেশনা আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।




















