মতলব উত্তরে সুধী সমাজের সাথে এসপির মতবিনিময়
চাঁদপুরের মতলব উত্তরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চাঁদপুর জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে মতলব উত্তর থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবীর হুসনাইন সানীব।
এসময় বক্তব্য দেন ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল, চাঁদপুর জেলা বিএনপির সদস্য মো. আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল বাসার, সেক্রেটারি মেহেদী হাসান নাজির, সাংবাদিক ফারুক হোসেন, জাকির হোসেন বাদশা, নুরু মোহাম্মদ খান, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা হাবিবুর রহমান, জেনারেল সেক্রেটারি ডালিম চৌধুরী, ব্যবসায়ী টিপু সুলতান ফরাজি, ইঞ্জিনিয়ার সফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
মতবিনিময় সভায় চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে জেলা পুলিশসহ প্রশাসনের সকল ইউনিট সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে। ভোটকেন্দ্র ও ভোটারদের নিরাপত্তায় কোনোরূপ শৈথিল্য থাকবে না বলেও তিনি আশ্বাস দেন।
তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম আরও জোরদার করা হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ বালু উত্তোলন ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে এসপি বলেন, এসব অপরাধের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
সভায় উপস্থিত সুধী সমাজের প্রতিনিধিরা আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনকালীন নিরাপত্তা ও অপরাধ দমনে পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন। পুলিশ সুপার তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


















