উধাও কোটি রুপি
ভারতে ক্যানসার গবেষণার নামে গোবর-গোমূত্র কেলেঙ্কারি
ভারতে ক্যানসার গবেষণার নামে গোবর ও গোমূত্র ব্যবহার করে ওষুধ তৈরির একটি সরকারি প্রকল্পে ভয়াবহ আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। মধ্যপ্রদেশের জবলপুরে অবস্থিত নানাজি দেশমুখ ভেটেরিনারি সায়েন্স বিশ্ববিদ্যালয়ে পরিচালিত এই প্রকল্পে কোটি কোটি রুপি আত্মসাতের প্রমাণ মিলেছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০১১ সালে শুরু হওয়া প্রকল্পটির উদ্দেশ্য ছিল গরুর বর্জ্য ও দুগ্ধজাত উপাদান ব্যবহার করে ক্যানসারসহ জটিল রোগের চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন। এ লক্ষ্যে রাজ্য সরকার সাড়ে তিন কোটি রুপি বরাদ্দ দেয়। তবে দীর্ঘ এক দশক পার হলেও গবেষণার কোনো কার্যকর ফলাফল পাওয়া যায়নি।
সম্প্রতি জেলা প্রশাসনের নির্দেশে অতিরিক্ত কালেক্টরের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রকল্পের ব্যয়ের নথি পর্যালোচনা করে। তদন্তে দেখা যায়, গোবর, গোমূত্র ও সংশ্লিষ্ট কাঁচামাল কেনার নামে প্রায় ১ কোটি ৯২ লাখ রুপি ব্যয় দেখানো হয়েছে, যেখানে এসব পণ্যের প্রকৃত বাজারমূল্য সর্বোচ্চ ১৫ থেকে ২০ লাখ রুপির বেশি হওয়ার কথা নয়।
এছাড়া গবেষণার প্রয়োজনে দেশের বিভিন্ন শহরে বারবার বিমান ভ্রমণ, নিয়মবহির্ভূতভাবে গাড়ি ক্রয় ও রক্ষণাবেক্ষণের নামে বিপুল অর্থ ব্যয়ের তথ্য উঠে এসেছে। বাজেটের বাইরে কেনা সাড়ে সাত লাখ রুপির একটি গাড়ির বর্তমানে কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তদন্ত কমিটি আরও জানায়, কৃষকদের প্রশিক্ষণের নামে অর্থ ব্যয় করা হলেও এর পক্ষে যথাযথ নথিপত্র নেই। পাশাপাশি আসবাবপত্র ও ইলেকট্রনিক সরঞ্জাম কেনাকাটায় অযৌক্তিক ব্যয়ের ফলে প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হয়েছে।
যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন সব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, প্রকল্পের প্রতিটি ব্যয় সরকারি বিধি মেনেই করা হয়েছে এবং নিয়মিত অডিটের আওতায় ছিল। তদন্ত প্রতিবেদনটি বর্তমানে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ডিভিশনাল কমিশনারের কাছে পাঠানো হয়েছে।











