বিজ্ঞপ্তিতে বলা হয়, রুমিন ফারহানাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সিদ্ধান্ত অমান্য করায় রুমিন ফারহানাকে বহিষ্কার করল বিএনপি
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রুমিন ফারহানাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনটি বিএনপি নেতৃত্বাধীন জোট শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দেয়। ওই আসনে জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জমিয়তের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।
এ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে দলীয় মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।
এর আগে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে রুমিন ফারহানা জানিয়েছিলেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেওয়ার পাশাপাশি প্রয়োজনে দল থেকে পদত্যাগ করবেন। সে সময় তিনি বলেন, দল যদি কোনো ব্যবস্থা নেয়, তাতে বাধা দেওয়ার সুযোগ তাঁর নেই এবং মনোনয়নপত্র কেনার আগেই সম্মানের সঙ্গে দল থেকে পদত্যাগ করবেন।
এ ঘটনার প্রেক্ষিতেই বিএনপি তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।




















