বিদ্যালয়ের জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু, অনুপস্থিত ১০১ শিক্ষার্থী
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আয়োজিত জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। উপজেলার ৪১টি বিদ্যালয় থেকে মোট ৮৮৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণের কথা থাকলেও উপস্থিত হয়েছে ৭৮৪ জন। অনুপস্থিত রয়েছে ১০১ জন।
মূল কেন্দ্র ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ৫৪৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১৭৪ জন ছাত্র ও ৩৭৪ জন ছাত্রী। অন্যদিকে সাব সেন্টার সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩৩৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়। এর মধ্যে ছাত্র ১২৪ জন এবং ছাত্রী ২১৩ জন।
পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায়, সকাল থেকেই পরীক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষার্থীদের সাথে অভিভাবকরা উপস্থিত ছিলেন। তীব্র শীত উপেক্ষা করে সন্তানদের নিয়ে সঠিক সময়ে কেন্দ্রে উপস্থিত হয়েছে বলে জানান অভিভাবকরা।
পরীক্ষার সার্বিক পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে প্রশাসন, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতায় পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা আশাবাদীভাবে পরীক্ষায় অংশ নিচ্ছে বলে জানা যায়।
সাব সেন্টার সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মো. মনিরুল হক পাটোয়ারী বলেন, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্তভাবে নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম বলেন, পরীক্ষার প্রতিটি কেন্দ্রেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে আমরা সে বিষয়ে সর্বোচ্চ নজরদারি রাখছি।




















