সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার- তারেক রহমানের ডাক
দীর্ঘ প্রবাস জীবন শেষে মাতৃভূমিতে ফিরে লাখো জনতার ভালোবাসায় সিক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ৩০০ ফিট সড়কে আয়োজিত বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি উদাত্ত আহ্বান জানিয়ে বলেছেন, এখন সময় এসেছে ভেদাভেদ ভুলে সবাই মিলে দেশ গড়ার। তিনি এমন এক নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, যেখানে প্রতিটি নাগরিক নিরাপদে ঘরে ফেরার নিশ্চয়তা পাবে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় এই ঐতিহাসিক গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি মঞ্চে আরোহণ করেন এবং ৩টা ৫৭ মিনিটে ‘প্রিয় বাংলাদেশ’ সম্বোধন করে তার আবেগঘন বক্তব্য শুরু করেন।
বক্তব্যের শুরুতেই দেশবাসীকে সালাম জানিয়ে তারেক রহমান মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, “মহান রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি।” এ সময় তিনি লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
তারেক রহমান বলেন, “বাংলাদেশের মানুষ তাদের হারানো কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা চায় যোগ্যতা অনুযায়ী তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হোক। আজ আমাদের সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার।”
বিএনপি কেমন বাংলাদেশ গড়তে চায়, তার রূপরেখা দিতে গিয়ে তিনি বলেন, “আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব, যে বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ। যে দেশে একজন নারী, পুরুষ বা শিশু—যেই হোক না কেন, ঘর থেকে বের হলে যেন নিরাপদে আবার ঘরে ফিরে আসতে পারে, ইনশাআল্লাহ আমরা সেই নিশ্চয়তা দিতে চাই।”




















