বিজয় দিবসে তারেক রহমানের বার্তা
মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে সব ধরনের বিভাজন ও হিংসা ভুলে মানুষ হিসেবে একে অপরের পাশে দাঁড়াতে হবে। তিনি জোর দিয়ে বলেন, এই মুহূর্তে দেশের প্রধান প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনকল্যাণমুখী সরকার গঠনের পরিবেশ নিশ্চিত করা।
সোমবার (১৫ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর মাধ্যমে পাঠানো এক বাণীতে তারেক রহমান এসব কথা বলেন।
বাণীতে তিনি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত বিজয়ের গৌরবময় ইতিহাস স্মরণ করে বলেন, “দেশের অদম্য বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে এই বিজয় ছিনিয়ে এনেছেন। তাই ১৬ ডিসেম্বর জাতির গৌরব, অহংকার ও আত্মত্যাগের এক মহাকাব্যিক দিন।” তিনি শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং সম্ভ্রমহারা মা-বোনদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
তারেক রহমান অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে ফ্যাসিস্ট গোষ্ঠী দেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকার হরণ করে রেখেছিল। তবে ২৪-এর জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে সেই একনায়কতন্ত্রের পতন ঘটেছে। তিনি বলেন, “এই ঐতিহাসিক মুহূর্তে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করাই এখন সময়ের দাবি।”
বাণীর শেষে তিনি দেশবাসীর প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, “একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য এই বিজয়ের দিনে আমাদের অঙ্গীকার হোক—আমরা বিভাজন ভুলে, হিংসা ভুলে মানুষ হিসেবে মানুষের পাশে থাকবো।”
রোজ খবর…..












