ডিজেলের দাম বাড়লেও বাসভাড়া বাড়ানো যাবে না! মালিক সমিতির কড়া নির্দেশ
ডিজেলের দাম বৃদ্ধির অজুহাতে সরকারি সিদ্ধান্ত ছাড়া কোনোভাবেই বাসভাড়া না বাড়ানোর কঠোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি।
বুধবার (২২ এপ্রিল) সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, সরকারের পক্ষ থেকে বাসভাড়া বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বর্তমান ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা আদায় করা যাবে না। দেশের সব রুটে চলাচলকারী পরিবহণ মালিক ও শ্রমিকদের এ নির্দেশ কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
তবে একইসঙ্গে পরিবহন খাতের চলমান সংকটের কথাও তুলে ধরা হয়েছে বিবৃতিতে। উল্লেখ করা হয়, লিটারপ্রতি ডিজেলের দাম ১৫ টাকা বাড়ায় পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় গাড়ির যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ খরচও বেড়েছে কয়েকগুণ।
এই পরিস্থিতিতে পরিবহন খাতকে লোকসান থেকে রক্ষা করতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবসম্মত ভাড়া সমন্বয়ের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে মালিক সমিতি।



















