যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ‘অনেক দূরে’—কঠোর বার্তা ইরানের স্পিকারের!
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা সত্ত্বেও চূড়ান্ত কোনো চুক্তি এখনো অনেক দূরে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, আলোচনায় কিছু অগ্রগতি হলেও গুরুত্বপূর্ণ অনেক বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি অবসানে আলোচনা এগোলেও তা এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। তার ভাষায়, “আমরা এখনো চূড়ান্ত কোনো সমঝোতার কাছাকাছি নই। কিছু অগ্রগতি হয়েছে, কিন্তু অনেক ফাঁকফোকর রয়ে গেছে।”
তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং ইরান এখনো গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। এ অবস্থানকে ইরানের কৌশলগত সাফল্য হিসেবেই দেখছেন তিনি।
যুদ্ধবিরতি প্রসঙ্গে গালিবাফ বলেন, ইরান যদি কোনো ধরনের সমঝোতায় পৌঁছায়, তা হবে নিজেদের শর্ত মেনে নেওয়ার ভিত্তিতেই। তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ ইরানের ওপর নিজেদের শর্ত চাপিয়ে দিতে চেয়েছিল, তবে তেহরান তা প্রতিহত করেছে।
ইরানি স্পিকার আরও বলেন, নিজেদের অধিকার প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রয়েছে এবং আলোচনাও সেই সংগ্রামেরই একটি অংশ। তার এ বক্তব্যে স্পষ্ট হয়েছে, বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক অগ্রগতি সীমিত এবং উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি।
বিশ্লেষকদের মতে, ইরানের এ অবস্থান মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার ইঙ্গিত বহন করছে এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক স্বাভাবিক হতে এখনো সময় লাগতে পারে।



















