মোহাম্মদপুরে আসাদুল হত্যাকাণ্ড: ২৪ ঘণ্টার মধ্যে মূল হোতাসহ গ্রেফতার ৪
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আলোচিত আসাদুল হক ওরফে ‘লম্বু আসাদুল’ (২৮) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে রাজধানীর নবাবগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পরপরই আসামিরা নবাবগঞ্জ এলাকায় আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন আক্তার, যিনি এই হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে চিহ্নিত এবং তিনি সাবেক যুবদল নেতা বলে জানা গেছে। এছাড়া মুন্না, আরিফ এবং বকুলকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং রক্তাক্ত একটি ছুরি উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ইয়াবা কারবারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে এই হত্যাকাণ্ডটি পরিকল্পিতভাবে সংঘটিত হয়। ঘটনার দিন রাতে ফোনে ডেকে এনে আসাদুলকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। পরে ঘাতকরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
প্রেস ব্রিফিংয়ে এডিসি মো. জুয়েল রানা বলেন, এটি একটি পরিকল্পিত ও ঠান্ডা মাথার হত্যাকাণ্ড। ঘটনার পরপরই পুলিশ ছায়া তদন্ত শুরু করে এবং মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি আরও জানান, এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে দ্রুত আসামি গ্রেফতারের ঘটনায় মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সাম্প্রতিক সময়ে এলাকায় অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।



















