ঢাকাসহ চার সিটিতে জরুরি হাম টিকা ক্যাম্পেইন শুরু
হামের প্রাদুর্ভাব প্রতিরোধে দেশের চারটি সিটি করপোরেশন এলাকায় আজ রোববার থেকে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এ কার্যক্রমের আওতায় রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), ময়মনসিংহ সিটি করপোরেশন এবং বরিশাল সিটি করপোরেশন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সি শিশুরা এই টিকার আওতায় আসবে। আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী এ কর্মসূচি শুরু হয়ে ১১ মে পর্যন্ত চলবে।
রোববার সকাল ৮টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কড়াইল বস্তির এরশাদ মাঠে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’-এর উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, সংস্থাটির ৫৪টি ওয়ার্ডে তিনটি করে টিকাকেন্দ্র স্থাপন করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে ৪ লাখ ৯৪ হাজার ৬৮৯ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ৯ মাস বয়সি ৪৭ হাজার ৬৬৮ শিশুকে হামের টিকা দেওয়া হবে।
অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় প্রায় ৪ লাখ শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারিয়া ফয়েজ।
এর আগে গত ৫ এপ্রিল দেশের ১৮ জেলার আওতাধীন ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ হটস্পট এলাকায় প্রথম ধাপে টিকাদান কার্যক্রম শুরু হয়।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের জন্য মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে। সময়মতো টিকা গ্রহণই এ রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। তাই অভিভাবকদের নির্ধারিত টিকাকেন্দ্রে শিশুদের নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।



















