পহেলা বৈশাখেই ‘কৃষক কার্ড’ উদ্বোধন, কৃষকদের জন্য নতুন দিগন্ত
দেশের কৃষকদের জন্য বহুল প্রত্যাশিত ‘কৃষক কার্ড’ কর্মসূচির প্রি-পাইলট কার্যক্রম আগামী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পহেলা বৈশাখের এই বিশেষ দিনে কৃষি খাতে নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক চিঠিতে জানানো হয়েছে, ওইদিন সকাল ১০টায় টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকদের একটি ডিজিটাল পরিচয় ও সেবার আওতায় আনা হবে।
প্রি-পাইলট পর্যায়ে দেশের ১০টি উপজেলায় একযোগে ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু হবে। এসব উপজেলা হলো—টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর, পঞ্চগড়ের বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ী।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের জন্য ভর্তুকি, প্রণোদনা, সহজ ঋণ সুবিধা এবং বিভিন্ন সরকারি সহায়তা সরাসরি ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কৃষি খাতে ডিজিটাল ব্যবস্থাপনা জোরদার এবং কৃষকদের একটি নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার তৈরি করাও এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।
সংশ্লিষ্টরা আশা করছেন, ‘কৃষক কার্ড’ চালু হলে কৃষি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং কৃষকদের জীবনমান উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সূত্র: বাসস



















