ট্রাম্পের হুমকির পর ফের বাড়ল তেলের দাম
সোমবার (৬ এপ্রিল) সকালে এশিয়ার বাজারে অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম ১.৬% বেড়ে ১১০.৮৫ ডলার হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দাম ০.৮% বেড়ে ১১২.৪০ ডলারে পৌঁছেছে।
এর আগে, ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেন—হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। এই বক্তব্যের পরই বাজারে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি পরিবহন হয়। এই রুটে বিঘ্ন ঘটায় তেল সরবরাহে চাপ তৈরি হয়েছে, যা সরাসরি দামের ওপর প্রভাব ফেলছে।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বাড়তে থাকলে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়তে পারে। ইতোমধ্যে ইরানও পাল্টা হুমকি দিয়ে জানিয়েছে—তাদের অবকাঠামোতে হামলা চললে তারা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থে আঘাত হানবে।
এদিকে, তেল উৎপাদনকারী জোট ওপেক প্লাস মে মাসে উৎপাদন সামান্য বাড়ানোর সিদ্ধান্ত নিলেও, চলমান সংঘাতের কারণে সেটি পুরোপুরি বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
বিশ্বজুড়ে এই পরিস্থিতির কারণে জ্বালানি মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা বৈশ্বিক অর্থনীতির ওপর নতুন চাপ তৈরি করতে পারে।

















