শাহজালাল বিমানবন্দর থেকে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ২৮ দিনে মোট ৭৯৭টি ফ্লাইট বাতিল হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংকটের কারণে ইরানসহ কয়েকটি মধ্যপ্রাচ্যের দেশের আকাশসীমা বন্ধ থাকায় ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর ফলে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী অনেক ফ্লাইট বাতিল করতে হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, শুধু এদিনই ২২টি ফ্লাইট বাতিল হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েত এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ২টি এবং জাজিরা এয়ারওয়েজের ৪টি ফ্লাইট রয়েছে।
তবে সংকটের মধ্যেও সীমিত পরিসরে কিছু ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত মোট ১ হাজার ৫৮টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা ছিল। এর মধ্যে ওমানের মাস্কাট, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতগামী কিছু ফ্লাইট চলাচল করেছে।
এদিকে, ২৭ মার্চের জন্য মোট ৪৩টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে মাস্কাটগামী ৬টি, সৌদি আরবগামী ১৭টি এবং সংযুক্ত আরব আমিরাতগামী ২০টি ফ্লাইট অন্তর্ভুক্ত। ইউএইগামী ফ্লাইটগুলোর মধ্যে দুবাই ১২টি, আবুধাবি ৪টি এবং শারজাহগামী ৪টি ফ্লাইট রয়েছে।
বিমান চলাচলের এ অস্বাভাবিক পরিস্থিতি যাত্রীদের ভোগান্তি বাড়িয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



















