সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ট্রেনটির পাওয়ার কারে আগুনের সূত্রপাত হয় এবং পরে তা পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
রেলওয়ে চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীরা দ্রুত বগি থেকে নেমে পড়েন এবং লাগেজও বের করে ফেলেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত বগিগুলো ট্রেন থেকে আলাদা করা হয়েছে এবং নতুন পাওয়ার কার সংযুক্ত করে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হবে।
অগ্নিকাণ্ডের সময় চট্টগ্রাম-ঢাকা রুটে কিছু সময় ট্রেন চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।



















