জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি, মধ্যপ্রাচ্য উত্তেজনায় অস্থির বিশ্ববাজার
বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তার প্রভাবে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে প্রণালী চালু না করলে ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। অন্যদিকে ইসরাইল জানিয়েছে, চলমান সামরিক অভিযান আরও কয়েক সপ্তাহ অব্যাহত থাকতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম The Guardian জানায়, এই পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বাড়তে শুরু করে।
বার্তা সংস্থা Agence France-Presse (এএফপি) জানিয়েছে, গ্রিনিচ সময় অনুযায়ী রোববার রাত ১০টায় বাজার খোলার পরপরই তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।
মার্কিন অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) এর মে মাসের ডেলিভারি মূল্য প্রায় ১.৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলার অতিক্রম করে, যদিও কিছুক্ষণ পর তা সামান্য কমে আসে।
একই সময়ে নর্থ সি ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৩.৪৪ ডলারে পৌঁছে। তবে লেনদেন শুরুর প্রায় ৪৫ মিনিট পর তা কমে ১১১ ডলারের কাছাকাছি স্থিতিশীল হয়।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরাইলি হামলা শুরুর আগের দিন ডব্লিউটিআই ও ব্রেন্ট ক্রুডের দাম ছিল যথাক্রমে ৬৭.০২ ও ৭২.৪৮ ডলার।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং হরমুজ প্রণালী নিয়ে অনিশ্চয়তা বিশ্ব জ্বালানি বাজারে নতুন চাপ সৃষ্টি করছে। পরিস্থিতি আরও জটিল হলে তেলের দামে বড় ধরনের ওঠানামার আশঙ্কা রয়েছে।


















