বাগানবাড়ি ইউনিয়নে ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল
মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
ঢাকা মহানগর তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের খাগুরিয়া গ্রামে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জালাল উদ্দিন, বাগানবাড়ি ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জিসান বেপারী, সহ-সভাপতি ওয়াসিম সরকার, বাগানবাড়ি ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি শাকিল আহমেদ, বাগানবাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শামিম আহমেদ, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য আবু বকর, বাগানবাড়ি ইউনিয়ন ছাত্রদল নেতা জিম ও মাহিবী’সহ স্থানীয় নেতাকর্মী ও প্রায় চার শতাধিক মুসল্লি।
অনুষ্ঠানে ঢাকা মহানগর তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম এর নির্দেশনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ছাত্রদলের পক্ষ থেকে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, রমজান আমাদের সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই শিক্ষা ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।



















