সংসদে রাষ্ট্রপতির বক্তব্য
আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রপতি বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক। হাজারো শহীদের রক্তের বিনিময়ে তাবেদার ও ফ্যাসিবাদমুক্ত নতুন এক গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়েছে।
তিনি বলেন, এ আন্দোলনে প্রায় ৩০ হাজার মানুষ আহত ও পঙ্গু হয়েছেন এবং পাঁচ শতাধিক মানুষ তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সরকার ১,২৪৩টি স্বাস্থ্য কার্ড প্রদান করেছে এবং গুরুতর আহত ১৩৭ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে।
শহীদদের স্মৃতি সংরক্ষণের জন্য দেশের ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং ঢাকায় জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর স্থাপনের কাজ চলমান রয়েছে বলেও ভাষণে উল্লেখ করেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি বলেন, একটি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আজ এ সংসদের যাত্রা শুরু হয়েছে। তিনি উল্লেখ করেন, তারেক রহমান-এর নেতৃত্বে অনুষ্ঠিত নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণতন্ত্রের ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর অবদান স্মরণ করে তিনি বলেন, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুরক্ষায় তিনি আপসহীন নেতৃত্ব দিয়েছেন।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ২০২৩–২৪ অর্থবছরের তুলনায় ২০২৪–২৫ অর্থবছরে অর্থনীতি অনেকটা স্থিতিশীল হয়েছে। ২০২৬ সালের জানুয়ারি মাসে মূল্যস্ফীতি কমে ৮.৫৮ শতাংশে দাঁড়িয়েছে এবং সামনে এটি আরও কমবে বলে আশা করা হচ্ছে।
তিনি জানান, ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪.৭৮ বিলিয়ন মার্কিন ডলারে।
ব্যাংক খাতে সুশাসন ফিরিয়ে আনা এবং খেলাপি ঋণ নিয়ন্ত্রণে একটি অর্থনৈতিক সংস্কার কমিশন গঠনের কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি। পাশাপাশি পুঁজিবাজারে অতীতের অনিয়ম তদন্তে পৃথক কমিশন গঠন করা হবে বলেও জানান তিনি।



















