ঈদুল ফিতরে সংবাদপত্রে ৫ দিনের ছুটি চায় ডিআরইউ
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্র শিল্পে পাঁচ দিনের ছুটি ঘোষণার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
রোববার (৮ মার্চ) এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে।
তারা জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত একটানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। কিন্তু সংবাদপত্রে সাধারণত মাত্র তিন দিনের ছুটি দেওয়া হয়, যা গণমাধ্যমকর্মীদের জন্য বৈষম্যমূলক।
ডিআরইউ নেতারা বলেন, ঈদের সময় অধিকাংশ হকার পত্রিকা বিক্রি করেন না। ফলে ওই সময়ে পত্রিকা প্রকাশ হলেও তা অনেক ক্ষেত্রে পাঠকের কাছে পৌঁছায় না। তাই ঈদের সময় সংবাদপত্র পাঁচ দিন বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, গত ঈদুল আজহা উপলক্ষে ডিআরইউর দাবির পরিপ্রেক্ষিতে সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবারও একই সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন সংগঠনটির নেতারা।



















