ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
সোমবার (২ ফেব্রুয়ারি) বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত বিভাগীয় আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, প্রশাসনের বিরুদ্ধে একপাক্ষিক আচরণের অভিযোগ রাজনৈতিক বক্তব্যের অংশ। ভোটার আকর্ষণের জন্য প্রার্থীরা এ ধরনের মন্তব্য করছেন। প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবার অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়—সে লক্ষ্যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে প্রায়
— ১ লাখ সেনাবাহিনী
— দেড় লাখ পুলিশ
— ৩৭ হাজার বিজিবি
— ১০ হাজার র্যাব
— ৫ হাজার নৌবাহিনী
— ৫ হাজার কোস্টগার্ড
— প্রায় ৬ লাখ আনসার সদস্য মোতায়েন থাকবে।
উপকূলীয় এলাকায় নৌবাহিনী ও কোস্টগার্ডের সংখ্যা আগের তুলনায় বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।
এবারের নির্বাচনে বডি ক্যামেরা, সিসি ক্যামেরা ও ড্রোন ব্যবহার করা হবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অপরাধ করে কেউ পার পাবে না। সুরক্ষা অ্যাপের মাধ্যমে পূজার সময় যেমন শান্তি বজায় রাখা সম্ভব হয়েছে, তেমনি নির্বাচনও শান্তিপূর্ণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। উপস্থিত ছিলেন পুলিশের আইজি বাহারুল আলম, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমানসহ ছয় জেলার প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
















