কুমিল্লা–২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর গাড়িবহরে হামলা: ২১৫ জনের বিরুদ্ধে মামলা
আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা–২ (হোমনা–তিতাস) আসনে উত্তেজনা বাড়ছে। বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এম.এ. মতিন খানের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২১৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলায় হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) রাতে হোমনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জহিরুল হক জহর বাদী হয়ে মামলাটি করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ওসি (তদন্ত) দীনেশচন্দ্র দাস গুপ্ত।
এজাহার সূত্রে জানা যায়, গত ২২ জানুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এম.এ. মতিন খান, জহিরুল হক জহরসহ নেতাকর্মীদের একটি গাড়িবহর উপজেলার শ্রীমদ্দি গ্রামে মরহুম ইঞ্জিনিয়ার আবদুল জলিল চেয়ারম্যানের কবর জিয়ারত করতে যাচ্ছিলেন।
পথে হোমনা ওভারব্রিজের নিচে পৌঁছালে বিএনপির একদল নেতাকর্মী গাড়িবহরের পথরোধ করে। অভিযোগ রয়েছে, তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এবং জহিরুল হক জহরের গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় ১৫ থেকে ২০ জন নেতাকর্মী আহত হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এম.এ. মতিন খান বলেন, ২২ জানুয়ারি বিকেলে কবর জিয়ারত করতে যাওয়ার সময় হোমনা ওভারব্রিজের নিচে বিএনপির নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এতে জহর চেয়ারম্যানের গাড়ি ভাঙচুর করা হয় এবং আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, গাড়িবহরে হামলার ঘটনায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।
















