প্রবাসী কর্মীদের জন্য ২০ হাজার টাকায় সৌদি–বাংলাদেশ একমুখী টিকিট: অন্তর্বর্তী সরকারের বিশেষ উদ্যোগ
প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য সাশ্রয়ী ভাড়ায় দেশে যাতায়াতের সুযোগ নিশ্চিত করতে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। এই উদ্যোগের আওতায় সৌদি আরব ও বাংলাদেশ রুটে একমুখী বিমানের টিকিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ২০ হাজার টাকা।
শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, এই বিশেষ ব্যবস্থায় সৌদি আরব ও বাংলাদেশ মিলিয়ে মোট ৮০ হাজার টিকিট বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে একদিকে প্রবাসী কর্মীরা সরাসরি উপকৃত হবেন, অন্যদিকে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স উল্লেখযোগ্য আর্থিক লাভের সম্ভাবনা তৈরি করবে।
তিনি বলেন, অতীতে হজ ফ্লাইট পরিচালনার সময় একমুখী অনেক ফাঁকা ফ্লাইট পরিচালিত হতো। নতুন এই উদ্যোগের মাধ্যমে সেই ফাঁকা ফ্লাইটগুলো কার্যকরভাবে কাজে লাগানো যাবে। এর ফলে বিমানের ইতিহাসে প্রথমবারের মতো ১০০ কোটিরও বেশি টাকা অতিরিক্ত আয় অর্জনের বাস্তব সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
বিশেষ এই ব্যবস্থায় মদিনা–ঢাকা ও জেদ্দা–ঢাকা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৫০০ টাকা। একই সঙ্গে মদিনা–ঢাকা–মদিনা এবং জেদ্দা–ঢাকা–জেদ্দা রুটে রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪২ হাজার টাকা।
বাংলাদেশে আগমনের ক্ষেত্রে এই বিশেষ ভাড়া কার্যকর থাকবে ১৮ এপ্রিল ২০২৬ থেকে ২৫ মে ২০২৬ পর্যন্ত। বাংলাদেশ থেকে ফেরার ক্ষেত্রে এই ভাড়া কার্যকর হবে ৩০ মে ২০২৬ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত।
এই উদ্যোগকে প্রবাসীবান্ধব নীতি বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক উল্লেখ করে পদক্ষেপটি গ্রহণের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের বাস্তবমুখী সিদ্ধান্ত প্রবাসী বাংলাদেশিদের জীবনযাত্রা সহজ করবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, অতীতে প্রবাসীদের সুবিধায় নেওয়া কিছু উদ্যোগ যথাযথ তদারকির অভাবে স্থায়ী হয়নি, তাই এই উদ্যোগ যেন শতভাগ কার্যকর থাকে সে বিষয়ে বিশেষ নজর দিতে হবে।


















