নিজের প্রাণনাশের আশঙ্কা ট্রাম্পের, হুঁশিয়ারি—‘আমাকে হত্যা করলে ইরানকে মানচিত্র থেকে মুছে দেওয়া হবে’
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই বিস্ফোরক মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যে আশঙ্কা জানিয়েছেন, তিনি খুন হতে পারেন। একই সঙ্গে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তাকে হত্যা করা হয়, তবে যুক্তরাষ্ট্র ইরানকে পৃথিবীর মানচিত্র থেকেই মুছে দেবে।
অ্যাসোসিয়েটেড প্রেস–এর প্রতিবেদনে বলা হয়, এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, “আমার সুস্পষ্ট নির্দেশ আছে—যা-ই ঘটুক, ইরানকে নিশ্চিহ্ন করতে হবে।” এর আগেও এক বিবৃতিতে তিনি দাবি করেছিলেন, যদি তার ওপর হামলার নেপথ্যে ইরানের সংশ্লিষ্টতার প্রমাণ মেলে, তবে ইরানকে ধ্বংস করার নির্দেশ তিনি আগেই দিয়ে রেখেছেন।
এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় তেহরানও কড়া ভাষায় সতর্কবার্তা দিয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–র ওপর হামলা হলে ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান থেকে শুরু করে সামরিক নেতৃত্ব—সবাই একই সুরে বার্তা দিচ্ছেন।
দিন দুয়েক আগে খামেনিকে নিয়ে ট্রাম্প বলেন, “তিনি অসুস্থ মানুষ। মানুষ হত্যা না করে তার দেশের দিকে মন দেওয়া উচিত।” একই সঙ্গে তিনি ইরানের নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে বলেও মন্তব্য করেন।
ট্রাম্পের এই বক্তব্য ভালোভাবে নেয়নি তেহরান। ইরানের প্রেসিডেন্ট বলেন, দেশের অর্থনৈতিক সংকটের পেছনে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ‘অমানবিক’ নিষেধাজ্ঞাই দায়ী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “সর্বোচ্চ নেতার প্রতি যে কোনো অবমাননা পুরো জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।”
এদিকে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আবুলফজল শেখারচি বলেন, “খামেনির দিকে আগ্রাসনের হাত বাড়ালে শুধু সেই হাতই কাটা হবে না, গোটা বিশ্বে আগুন জ্বলে উঠবে।”
উত্তেজনার এই অবস্থায় আন্তর্জাতিক মহলে নতুন করে বড় সংঘাতের আশঙ্কা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: আনন্দবাজার




















