সব বাসে লাগানোহ হবে জিপিএস ট্র্যাকার, যাত্রী নিরাপত্তা জোরদার: সড়কমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, দেশের সব গণপরিবহনে জিপিএস ট্র্যাকার বসানো হবে। এর মাধ্যমে যাত্রী সুরক্ষা নিশ্চিত করা, ফিটনেসবিহীন বাস চিহ্নিত করা এবং সড়ক আইন লঙ্ঘন নজরে আনা সহজ হবে।
রোববার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপত্তা বৃদ্ধির জন্য উচ্চপর্যায়ের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, হাইওয়ে পুলিশ আরও তৎপর থাকবে এবং ভাড়া বেশি নেয়ার অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে।
মন্ত্রী আরও উল্লেখ করেন, ট্রাক ও লরি ঈদের আগে ও পরের তিনদিন মহাসড়কে চলাচল না করার নির্দেশ থাকলেও কিছু ক্ষেত্রে চলাচল করেছে, যা যানজটের কারণ হয়েছে। হাইওয়ের পাশে যত্রতত্র টিকিট কাউন্টার থাকবে না।
সেতুমন্ত্রী বলেন, ঈদযাত্রা সার্বিকভাবে স্বস্তিময় ছিল, তবে কিছু স্থানে যানজট ও ছোটখাট দুর্ঘটনা ঘটেছে। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত বছরের তুলনায় এবার সড়কে দুর্ঘটনা কমেছে।



















