নেই যানজট, মহাসড়কে ফিরেছে স্বস্তির গতি
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘরমুখো মানুষের ঢল নামলেও এখন স্বস্তি ফিরেছে মহাসড়কে। বিশেষ করে যমুনা সেতু ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই আগের মতো দীর্ঘ যানজট—ফিরেছে স্বাভাবিক গতি।
ঈদের আগে কয়েকদিন ধরে এই মহাসড়কে ২০ থেকে ৩০ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছিল। থেমে থেমে চলা যানবাহনের কারণে ভোগান্তিতে পড়েন বাড়ি ফেরা যাত্রীরা। তবে শুক্রবার সকালে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এখন স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৪৫ হাজার ৬১০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৭ লাখ ৪৬ হাজার ৮৫০ টাকা। এর মধ্যে ঢাকাগামী ১৩ হাজার ৭১৫টি যানবাহন এবং উত্তরবঙ্গগামী ৩১ হাজার ৮৯৫টি যানবাহন ছিল।
গত পাঁচ দিনে মোট ২ লাখ ৫২ হাজার ৩৬টি যানবাহন সেতু পারাপার করেছে। এতে টোল আদায় হয়েছে ১৫ কোটি ৩২ লাখ ৯০ হাজার ৭০০ টাকা, যা ঈদযাত্রার ব্যস্ততারই প্রমাণ।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, আগের দিন কিছু যানবাহন বিকল হয়ে পড়ায় যানজট তৈরি হয়েছিল। তবে দ্রুত সেগুলো সরিয়ে নেওয়ায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে।
এদিকে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ শরীফ জানান, গত রাত থেকেই যানবাহনের চাপ কমতে শুরু করে। ফলে এখন স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা।
ঈদের আগমুহূর্তে এমন স্বস্তির খবরে ঘরমুখো মানুষের মুখে ফুটেছে স্বস্তির হাসি।



















