ক্ষমতায় এলে আইনশৃঙ্খলা ও মাদকবিরোধী অভিযানে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে বিএনপি
উন্নয়ন, দুর্নীতি দমন ও কর্মসংস্থানে আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি তারেক রহমানের
দেশের উন্নয়ন, দুর্নীতি দমন, মাদক নিয়ন্ত্রণ এবং কৃষি ও কর্মসংস্থান খাতে আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার গভীর রাতে সোনারগাঁয়ের কাঁচপুর বালুর মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, গত কয়েক বছরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সাধারণ মানুষের জানমাল আজ নিরাপদ নয়। বিএনপি সরকার গঠন করলে প্রতিটি অপরাধের বিচার দেশের প্রচলিত আইনের আওতায় নিশ্চিত করা হবে। দখলবাজি ও সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।
দুর্নীতি ও মাদককে সমাজের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে তিনি বলেন, নারায়ণগঞ্জ শহর ও আশপাশের এলাকায় মাদক ব্যবসার বিস্তার উদ্বেগজনক। ক্ষমতায় এলে মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হবে।
তরুণ প্রজন্মের কর্মসংস্থান প্রসঙ্গে তারেক রহমান বলেন, শুধু সনদভিত্তিক শিক্ষা নয়, ভাষা শিক্ষা ও আধুনিক কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দেশে ও বিদেশে কাজের উপযোগী করে গড়ে তোলা হবে। একই সঙ্গে ইমাম, খতিব ও মাদ্রাসা শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও হালাল উপার্জনের সুযোগ তৈরি করে তাদের সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে।
কৃষি খাতের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার খাল খনন কর্মসূচি পুনরায় চালুর ঘোষণা দিয়ে তিনি বলেন, নদী ও খাল দখলের কারণে কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সারা দেশে জলাশয় সংস্কারের মাধ্যমে কৃষিকে পুনরুজ্জীবিত করা হবে।
এছাড়া ভেঙে পড়া রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত সংস্কারের আশ্বাসও দেন বিএনপির চেয়ারম্যান।




















