এর আগে বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ জড়ো হন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন, লাখো মানুষের ঢল
বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে রাজধানীর জিয়া উদ্যানে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে দাফন করা হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অশ্রুসিক্ত নয়নে নিজ হাতে মায়ের দাফন কার্যক্রম সম্পন্ন করেন।
এর আগে বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ জড়ো হন। মানুষের ঢলে আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জনসমুদ্রে পরিণত হয়। তিল ধারণেরও জায়গা ছিল না।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক জানাজা পড়ান।
জানাজার আগে বক্তব্যে তারেক রহমান দেশবাসীর কাছে তাঁর মায়ের জন্য দোয়া কামনা করেন। তিনি বলেন, “আমার মা মরহুমা বেগম খালেদা জিয়া যদি কারো কাছে কোনো ঋণ বা দায় রেখে গিয়ে থাকেন, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি তা পরিশোধের ব্যবস্থা করব।”
তিনি আরও বলেন, খালেদা জিয়ার জীবনে কারো কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে তাঁকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ রইল।
বেগম খালেদা জিয়ার জানাজায় লাখো মানুষের উপস্থিতি ইতিহাসে বিরল ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। ধারণা করা হচ্ছে, এটি কোনো মুসলিম নারীর স্মরণকালের বৃহত্তম জানাজাগুলোর একটি—শুধু বাংলাদেশ নয়, মুসলিম বিশ্বেও।
শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সারদার আয়াজ সাদিক। এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা মঙ্গলবার মধ্যরাতে ঢাকায় পৌঁছান এবং বিমানবন্দরে তাঁকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান।
জানাজা ও দাফন ঘিরে মঙ্গলবার রাত থেকেই রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী। সংসদ ভবন এলাকা ও জিয়া উদ্যানে মোতায়েন করা হয় বিপুলসংখ্যক নিরাপত্তা সদস্য।
দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ভূমিকা পালন করেছেন। তাঁর দাফনের মধ্য দিয়ে দেশের রাজনীতির এক বর্ণাঢ্য ও ঘটনাবহুল অধ্যায়ের সমাপ্তি ঘটলো।










